ট্রেনে রিলস দেখা, স্পিকারে গান শোনা বন্ধ করুন! নিয়ম না মানলে গুনতে হতে পারে ১ হাজার টাকা
ট্রেনে জোরে ফোনে কথা বলা, স্পিকারে গান শোনা কিংবা মোবাইলে ভিডিও চালিয়ে অন্য যাত্রীদের বিরক্ত করার দিন শেষ হতে চলেছে। এ বার থেকে এমন আচরণ করলে শাস্তির মুখে পড়তে পারেন যাত্রীরা। পূর্ব রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে কথা বলা কিংবা স্পিকারে গান ও ভিডিও চালিয়ে উপদ্রব করলে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা হতে পারে। এমনকি রেল আইনে ছমাস পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার, মোবাইলে জোরে গান শোনা, ভিডিও দেখা কিংবা দীর্ঘক্ষণ ফোনে কথা বলার ঘটনা প্রায়ই দেখা যায়। বিশেষ করে রাতের দূরপাল্লার ট্রেনে অনেক যাত্রী মোবাইলে সিনেমা দেখতে বা ফোনে কথা বলতে থাকেন। তাতে পাশের যাত্রীদের ঘুমের অসুবিধা হয়। কেউ আপত্তি জানালে অনেক সময় বচসাও শুরু হয়। এই ধরনের সমস্যা কমাতেই কড়া পদক্ষেপের পথে হাঁটল পূর্ব রেল।রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারের দফতর থেকে শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদহ ডিভিশনকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, স্টেশন এবং ট্রেনের কামরায় যাত্রীদের সচেতন করতে হবে। আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজিতেও নিয়মিত ঘোষণা করতে হবে। স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গায় এবং ট্রেনের কামরায় সতর্কতামূলক নোটিস ও স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এই বিষয়ে বেশি করে প্রচার করতে বলা হয়েছে।যাত্রীদের মোবাইলে গান বা ভিডিও চালানোর সময় ইয়ারফোন ব্যবহার করতে পরামর্শ দেওয়া হবে। ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখার পাশাপাশি রিংটোনের আওয়াজ কম রাখতেও বলা হবে। জোরে বা দীর্ঘক্ষণ ফোনে কথা বলে অন্য যাত্রীদের অসুবিধা না করার বিষয়েও সচেতন করা হবে।নির্দেশিকায় রেল আইনের ১৪৫ নম্বর ধারার উল্লেখ রয়েছে। ওই ধারায় উপদ্রবের জন্য সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা অথবা ছমাস পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। এ ধরনের ঘটনায় টিকিট পরীক্ষক এবং তাঁর ঊর্ধ্বতন পদমর্যাদার উপযুক্ত বাণিজ্যিক কর্মীরা রেল আইনের আওতায় ব্যবস্থা নিতে পারবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।নির্দেশিকা কার্যকর করার পাশাপাশি যাত্রীদের সচেতন করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, তার রিপোর্ট দ্রুত জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ডিভিশনগুলিকে। প্রতিটি স্টেশনের নোটিস বোর্ডেও এই নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ট্রেনের কামরায় মোবাইলের আওয়াজ নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের সমস্যায় এ বার কতটা লাগাম পড়ে, সেটাই দেখার।

